মিষ্টির পদত্যাগপত্র কার্যকর: স্পিকার
ওয়েভ রিপোর্ট
০২ অক্টোবর, ২০২৬, ১৪:০৯
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন করতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্পিকার।
স্পিকার বলেন, ‘‘সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এসে লিখিতভাবে চিঠি দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী পত্রটি পাওয়ার পরই তাঁর পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।
এ দিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি (সংরক্ষিত মহিলা আসন–২৩) শূন্য ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন করতে হবে।
জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনি এলাকার ভোটারদের সরাসরি ভোটে; আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।
চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পেয়েছিল। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইনে বলা আছে, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে কোনো সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে ওই আসন বণ্টন করা হয়েছিল, শুধু সেই দল বা জোটই উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে পারবে। এই উপনির্বাচনে ভোটারও হবেন ওই নির্দিষ্ট দল বা জোটের সংসদ সদস্যগণ।
অর্থাৎ এই আসন বিএনপির। শূন্য হওয়ার পর উপনির্বাচনেও শুধু বিএনপিই এখানে প্রার্থী দিতে পারবে। যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে ভোট দেবেন বিএনপির সংসদ সদস্যরা।
অবশ্য সংরক্ষিত নারী আসনে একক প্রার্থীই দেওয়া হয়, যে কারণে ভোটের প্রয়োজন হয় না। তবে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে হবে।
রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্র জানায়, এ ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার রাতে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।