বিশিষ্ট সাংবাদিক আমির খসরু আর নেই
ওয়েভ রিপোর্ট
১১ অক্টোবর, ২০২৬, ১৫:৪৯
বিশিষ্ট সাংবাদিক আমির খসরু। —ছবি: সংগৃহীত
বিশিষ্ট সাংবাদিক আমির খসরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
গুরুতর অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ছেলে আসিফ নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিক আমির খসরু ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। বরাবরই তাঁর লেখনি ছিল গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।