সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে: সংস্কৃতিমন্ত্রী
ওয়েভ রিপোর্ট
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব তিথি ও ভাগীরথী-পদ্মায় পুণ্যস্নান মহোৎসব উপলক্ষে আয়োজিত এক ধর্মসভায় এ আহ্বান জানান।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মৌলবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রোববার (২০ সেপ্টেম্বর) পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব তিথি ও ভাগীরথী-পদ্মায় পুণ্যস্নান মহোৎসব উপলক্ষে আয়োজিত এক ধর্মসভায় এ আহ্বান জানান। ধর্মসভা শেষে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা এবং পুণ্যস্নান মহোৎসবের বিভিন্ন আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকল ধর্মের প্রতি মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখতে হবে– এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শক্তি তার বহুত্ববাদী সংস্কৃতি, আর সেই সংস্কৃতিকে ধারণ করেই একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সভাপতি প্রাণ শংকর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।