দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার
ওয়েভ রিপোর্ট
১০ অক্টোবর, ২০২৬, ১৮:৩৯
—ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাঁদের শহরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় ১৪ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ হাজার পুরুষ ও চার হাজার নারী পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থান থেকে আসা নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। তবে পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি।
আটক সাংবাদিকেরাও
বিক্ষোভ ঘিরে পুলিশের অভিযানের সময় কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়। তাঁদের মধ্যে হিন্দি দৈনিক নভভারত টাইমস এবং ডিজিটাল সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন ও নিউজলন্ড্রির সাংবাদিকেরা ছিলেন। পরে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ৫০টির বেশি পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা।