বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি সই
ওয়েভ রিপোর্ট
০৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৯
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর ফলে রাষ্ট্রীয় সংস্থাটির কেনার প্রক্রিয়ায় থাকা মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৩৫–এ।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তিতে স্বাক্ষর করেন বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার।
বাংলাদেশ এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহের সময়সীমা এগিয়ে আনতে চায়। এ জন্য চলতি বছরের মধ্যেই অন্তত একটি উড়োজাহাজ সরবরাহ করতে এয়ারবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
গত মঙ্গলবার পর্যটনমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ চায় ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হোক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের রাষ্ট্রদূত।
এয়ারবাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বোয়িং থেকেও ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছে বিমান। এর মধ্যে ১৫টি ওয়াইডবডি বা প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ—যার মধ্যে ১৩টি বোয়িং ৭৮৭-১০ ও দুটি ৭৮৭-৯ রয়েছে এবং ১০টি ৭৩৭-৮ ম্যাক্স মডেলের উড়োজাহাজ রয়েছে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট উড়োজাহাজ ১৯টি।