শত্রু থেকে আল্লাহর তলোয়ার: এক মহানায়কের অ্যাখ্যান
ওয়েভ ফেইথ
১৩ এপ্রিল, ২০২৬
রণক্ষেত্রের ধুলোবালি, ঘোড়ার খুরের শব্দ আর তলোয়ারের ঝনঝনানি—তার মাঝখানে এক অকুতোভয় ব্যক্তি, যার চোখে পরাজয় বলে কিছু নেই। যুদ্ধের ময়দানে তিনি পা রাখা মানেই প্রতিপক্ষের মনে নিশ্চিত মৃত্যুর পরোয়ানা। একসময় তার কৌশলেই মুসলিম বাহিনী চরম বিপর্যয়ে পড়েছিল, অথচ ইসলাম গ্রহণের পর তিনিই হয়ে ওঠেন ইসলামের প্রধান রক্ষাকবচ।
৫৮৫ খ্রিস্টাব্দ। মক্কার প্রভাবশালী কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে জন্ম নিল এক শিশু। নাম খালিদ বিন ওায়লিদ। বাবা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন আরবের অন্যতম ধনী ও ক্ষমতাধর নেতা। আভিজাত্য, ক্ষুরধার বুদ্ধি আর অপরাজেয় শারীরিক শক্তি নিয়ে বেড়ে ওঠা এই শিশুটিই যে একদিন পৃথিবীর মানচিত্র বদলে দেবেন, তা কেউ কল্পনাও করেনি।
একজন দক্ষ যোদ্ধা হিসেবে তার প্রথম বড় পরীক্ষা ছিল উহুদের যুদ্ধ। মুসলিমরা যখন জয়ের খুব কাছাকাছি, খালিদ লক্ষ্য করলেন ‘জাবালে রুমাত’ বা তীরন্দাজদের পাহাড়টি অরক্ষিত। সেই সামান্য ফাঁক গলে তিনি অশ্বারোহী বাহিনী নিয়ে পাহাড় ঘুরে পেছন থেকে এমন আকস্মিক আক্রমণ করলেন, যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। সেদিনই প্রমাণ হয়েছিল, খালিদ শুধু যোদ্ধা নন, তিনি এক রণকৌশলী মাস্টারমাইন্ড।
সপ্তম হিজরিতে তার জীবনে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ভাই ওয়ালিদের একটি চিঠি খালিদের হৃদয়ে সত্যের আলো জ্বালিয়ে দিল। তিনি বুঝলেন মূর্তিপূজা অর্থহীন। মদিনায় পৌঁছে রাসূল (সা.)-এর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। রাসূল (সা.) তাকে হাসিমুখে স্বাগত জানিয়ে বললেন, "মক্কা আজ তার কলিজার টুকরোকে আমাদের কাছে সোপর্দ করেছে।"
ইসলাম গ্রহণের পর তার প্রথম পরীক্ষা মু’তার যুদ্ধ। মাত্র ৩ হাজার মুসলিম সৈন্যের বিপরীতে রোমান বাহিনী ছিল প্রায় ২ লাখ! তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর খালিদ যখন পতাকার হাল ধরলেন, তখন পরাজয় ছিল নিশ্চিত। কিন্তু তিনি এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক চাল চাললেন। রাতে সৈন্য বিন্যাস বদলে দিলেন এবং সকালে এমনভাবে ধুলো উড়িয়ে আক্রমণ করলেন যেন মনে হল মদিনা থেকে নতুন সাহায্য এসেছে। বিশাল রোমান বাহিনীকে ধোঁকায় ফেলে তিনি পুরো বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনলেন। এই বীরত্বের কারণেই রাসূল (সা.) তাকে ‘সাইফুল্লাহ’ বা আল্লাহর তলোয়ার উপাধি দেন। এরপর ইয়ারমুক ও ইয়ামামার যুদ্ধেও তিনি দেখিয়েছেন অসীম বীরত্ব।
৬৩৪ খ্রিস্টাব্দে সিরিয়া বিজয়ের চূড়ান্ত মুহূর্তে খলিফা হযরত উমর (রা.) খালিদ (রা.) কে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দেন। এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল মুসলিম উম্মাহকে এটি বোঝানো যে, বিজয় কোনো ব্যক্তির দক্ষতায় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসে। এই সংবাদে সামান্যতম ক্ষোভ না দেখিয়ে খালিদ (রা.) প্রমাণ করেছিলেন তিনি ক্ষমতার জন্য নয়, আদর্শের জন্য লড়েন। একজন অপরাজেয় সেনাপতি হয়েও তিনি সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, যা ইতিহাসের এক অনন্য ত্যাগের উদাহরণ।
খালিদ (রা.)-এর শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে তলোয়ার বা তীরের আঘাত ছিল না। একশোর বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়ে একটিতেও না হেরেও এই মহাবীর মারা যান নিজের বিছানায়। মৃত্যুর আগে আক্ষেপে বলেছিলেন, "শাহাদাতের আশায় এত যুদ্ধ করলাম, অথচ আজ আমাকে বিছানায় মরতে হচ্ছে।" তিনি শিখিয়ে গেছেন—নেতৃত্ব মানে কেবল আদেশ নয়, বরং সামনে থেকে লড়ে অসম্ভবকে সম্ভব করা। খালিদ বিন ওয়ালিদ কেবল একজন সেনাপতি নন, তিনি সাহসের এক অবিনশ্বর কিংবদন্তি।