ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলা চালাচ্ছে তেহরান
ওয়েভ ওয়ার্ল্ড
১১ জুন, ২০২৬, ০০:০০
ইরানে নতুন করে দ্বিতীয়দিনের মতো আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পর ইরানের বিভিন্ন স্থানে মার্কিন সেনারা হামলা চালায়।
এরই জবাবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পাল্টা হামলা হিসেবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি ও হরমুজে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরান।
ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে সর্বশেষ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
ইরানি সংবাদমাধ্যমগুলোতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিকসহ হরমুজ প্রণালির বিভিন্ন জায়গায় এ হামলার তথ্য জানানো হয়েছে। এছাড়া কারগান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে অন্তত দুজন আহত হয়েছেন।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিরতি বারবার ভঙ্গ করেছে উল্লেখ করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে , পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
বিপ্লবী গার্ড আরও জানিয়েছে, অনুমতি ছাড়া দুটি তেলের ট্যাংকার হরমুজ পার হওয়ার চেষ্টা করেছে। ওই সময় এ দুটি জাহাজকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
এর আগে গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আর আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটল।