দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২
ওয়েভ ওয়ার্ল্ড
১০ জুন, ২০২৬, ০০:০০
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে বন্দুক হামলাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
বুধবার (১০ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ডের একটি বস্তিতে হামলা হয়েছে। এতে আরও আহত হয়েছেন নয়জন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনেরও বেশি সন্দেহভাজনকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তরা একাধিক পথে বস্তিটিতে প্রবেশ করে। তারা এলাকাটি পার হওয়ার সময় একাধিক স্থানে বাসিন্দা ও জনগোষ্ঠীর ওপর গুলিবর্ষণ করে। হামলার পর একই গাড়িতে করে তারা পালিয়ে যায়। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ বলছে, ঘটনাস্থলে ৮ জন পুরুষ ও ৩ জন নারী নিহত হয়েছেন। এছাড়া হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গিয়েছেন। আর গুলিবিদ্ধ হয়ে আহত নয়জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
বিবিসি বলছে, বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডপ্রবণ এলাকার মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। এ দেশে বস্তিতে গোলাগুলি খুবই সাধারণ ঘটনা। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন নিহত হয়। আর এসব ঘটনার পেছনে গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিবাদের সম্পৃক্ততা দেখা যায়।