টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪
ওয়েভ রিপোর্ট
০৯ জুন, ২০২৬, ০০:০০
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নূরনবী, নওগাঁর পত্নীতলা উপজেলার রফিকুল, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাগর ও ভোলার সুমন।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজন নিহত হন।
মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।