স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন লামিন ইয়ামাল
ওয়েভ স্পোর্টস
০৮ জুন, ২০২৬, ০০:০০
বিশ্বকাপ জিতলে দাড়ি এবং গোফ রাখার কথা দিলেন স্পেনের বিষ্ময় বালক লামিন ইয়ামাল।
বিশ্ব ফুটবলের নতুন বিস্ময় বালক লামিনে ইয়ামালকে নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। মাত্র ১৮ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন স্পেন জাতীয় দলের অন্যতম বড় তারকা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছেন এই তরুণ ফুটবলার। আর অভিষেক বিশ্বকাপের আগেই ভক্তদের জন্য দিয়েছেন এক মজার প্রতিশ্রুতি।
ইয়ামাল জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি গোঁফ কাটবেন না। শুধু তাই নয়, আনন্দ উদযাপনের অংশ হিসেবে ভক্তদের মধ্যে একশটি হেডফোনও উপহার দেবেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই ঘোষণা দেন। তার এমন প্রতিশ্রুতি ইতোমধ্যেই ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বার্সেলোনার এই তরুণ উইঙ্গারের জন্য এটি হতে যাচ্ছে জীবনের প্রথম বিশ্বকাপ। তবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা তার একেবারেই নতুন নয়। ২০২৪ সালের ইউরো জয়ের স্মৃতি তুলে ধরে ইয়ামাল বলেছেন, বড় আসরের প্রথম ম্যাচে নার্ভাস হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু সেই অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে।
ইয়ামালের মতে, একটি ম্যাচ খারাপ গেলেই সব শেষ হয়ে যায় না। একটি বড় টুর্নামেন্ট অনেক দীর্ঘ হয়। তাই ধৈর্য ধরে নিজের সেরাটা দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, চাপ না নিয়ে খেলাটা উপভোগ করতে পারলেই ভালো ফল পাওয়া সম্ভব।
শুধু বিশ্বকাপ নয়, ব্যালন ডি অর নিয়েও কথা বলেছেন এই স্প্যানিশ তারকা। তিনি স্বীকার করেছেন, এক সময় তার মনে হয়েছিল হয়তো পুরস্কারটি তিনিই জিতবেন। কিন্তু পরে বুঝতে পেরেছেন, তখন সেই পুরস্কার জেতার জন্য তিনি প্রস্তুত ছিলেন না।
ফরাসি তারকা উসমান দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল বলেন, দেম্বেলের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। কঠিন সময়ে দেম্বেলে তাকে মানসিকভাবে সাহায্য করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। নিজের উন্নতির পেছনে দেম্বেলের বড় অবদান রয়েছে বলেও জানান তিনি।
এখন দেখার বিষয়, বিশ্বকাপের মঞ্চে লামিনে ইয়ামাল কতটা আলো ছড়াতে পারেন। আর স্পেন যদি শিরোপা জিততে পারে, তাহলে ভক্তরা হয়তো সত্যিই দেখতে পাবেন তার সেই প্রতিশ্রুতির উদযাপন।