দেশে পৌঁছেছেন ৩২৮৩২ হাজি, মারা গেছেন ৪৮
ওয়েভ ফেইথ
০৬ জুন, ২০২৬, ০০:০০
পবিত্র হজ পালন শেষে ৭৮টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি। আর এখন পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি হাজি।
এদের মধ্যে পুরুষ ৩২ জন এবং ১৬ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় ১ জন মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৬ জুন) পর্যন্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য পাওয়া গেছে।
হজ বুলেটিনের তথ্য মতে, এখন পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন। আর এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১ হাজার ৫৭৯ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ছেড়েছেন আরো ৯৯৪ জন হজযাত্রী। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জনেরও বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে, সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসা ও সেবাদান কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ হজ মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে ৫৭ হাজার ২০২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৩৫টি সেবা দেওয়া হয়েছে।
হজ বুলেটিনে জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৩৬০ জন হজযাত্রী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩ জন হাজি ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হবে।