বজ্রপাতের ঝুঁকি কমাতে

সুনামগঞ্জে ৫ হাজার গাছ লাগাবে বেঙ্গল পিস ফাউন্ডেশন


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৫ জুন, ২০২৬, ০০:০০

সুনামগঞ্জে ৫ হাজার গাছ লাগাবে বেঙ্গল পিস ফাউন্ডেশন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাতজনিত ঝুঁকি কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। 


শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৫৫টি তাল ও সুপারি গাছের চারা রোপণ করেছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। এর মধ্য দিয়ে সংগঠনটির ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্প যাত্রা শুরু করলো।


স্বাধীন বাংলাদেশের ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রতীকীভাবে ৫৫টি চারা রোপণ করা হয়। আয়োজকদের ভাষ্য, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বজ্রপাতের ঝুঁকি হ্রাসে একটি দীর্ঘমেয়াদি জনসচেতনতামূলক ও সামাজিক আন্দোলনের সূচনা।


বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। বিশেষ করে হাওরাঞ্চল ও বিস্তীর্ণ খোলা মাঠসংবলিত এলাকাগুলোতে এই ঝুঁকি তুলনামূলক বেশি। বেঙ্গল পিস ফাউন্ডেশন জানিয়েছে, ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আগামী পর্যায়ে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৫ হাজার তাল, নারিকেল ও সুপারি গাছ রোপণ করা হবে। স্থানীয় জনগণ, তরুণ স্বেচ্ছাসেবক এবং সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে কর্মসূচিটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।


সংগঠনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা শুধু গাছ লাগাচ্ছি না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশের ভিত্তি নির্মাণ করছি। ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি।


তিনি আরও বলেন, “তাল, নারিকেল ও সুপারি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, গ্রামীণ জনপদে বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতেও সহায়ক ভূমিকা রাখতে পারে। স্বাধীনতার ৫৫ বছরে ৫৫টি চারা রোপণের মাধ্যমে আমরা একটি প্রতীকী অঙ্গীকার করেছি। আগামী দিনে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং দেশের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে সবুজ সুরক্ষা বলয় গড়ে তোলার কাজ চলবে।”


স্থানীয়রাও উদ্যোগটিকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, হাওরাঞ্চলে বজ্রপাতের ভয়াবহতা কমানোর পাশাপাশি পরিবেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

বিশ্ব পরিবেশ দিবসে শুরু হওয়া ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্প তাই শুধু বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির সমন্বয়ে এটি একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ, যা ভবিষ্যতে নিরাপদ, সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনের পথে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

Share this article

https://mail.thewave24.com/view/685/news

© 2026 TheWave24. All rights reserved.