ভূরূঙ্গামারী বাজারে আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৫ জুন, ২০২৬, ০০:০০

ভূরূঙ্গামারী বাজারে আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের ফকিরহাটি পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

 

শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে ভূরুঙ্গামারী বাজারের ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট’ ও ‘চেয়ারম্যান মার্কেট’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় ১২ কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে।

 

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং পুরো মার্কেট এলাকায় ভয়াবহ রূপ নেয়।

 

খবর পেয়েই নাগেশ্বরী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে মার্কেটের ১০৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে দোকানে বিপুল পরিমাণ মালামাল তোলা হয়েছিল। আগুনে তাদের সবকিছু পুড়ে যাওয়ায় অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

 

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে।

 

এছাড়া ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share this article

https://mail.thewave24.com/view/680/news

© 2026 TheWave24. All rights reserved.