কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী
ওয়েভ রিপোর্ট
০৪ জুন, ২০২৬, ০০:০০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্তি লাভ করেন।
কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ তাঁর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৩ জুন) ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। পরে অন্য কোনো আটকাদেশ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে আরও দুইটি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। আর এ সকল মামলায় তিনি দীর্ঘদিন ধরেই কারাভোগ করছেন।