হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
ওয়েভ ফেইথ
০৩ জুন, ২০২৬, ০০:০০
সৌদি আরবে আরও ৩ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৪ জন হাজি মৃত্যুবরণ করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।
বুলেটিন অনুযায়ী জানা যায়, সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জন মৃত্যুবরণ করেছেন।
আর দেশে ফেরা ২১ হাজার ৩৪৩ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫টি, সৌদি এয়ারলাইনস ১৮টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ২৪৯ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। তবে বর্তমানে ৩২ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু ৩০ মে থেকে এবং যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।