ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ১০
ওয়েভ ওয়ার্ল্ড
০২ জুন, ২০২৬, ০০:০০
ইউক্রেনের বিভিন্ন বড় শহরে রাশিয়ার ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জনের বেশি আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোরে এ হামলা চালানো হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডনিপ্রোতে ৬ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। হামলায় কয়েকটি ভবন, যানবাহন এবং একটি শিশুদের খেলার স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভে ৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ৫১ জন। একটি ২৪ তলা আবাসিক ভবনে আঘাত হানার পর আংশিক ধসের ঘটনা ঘটে। এছাড়া অন্য একটি ভবনে আগুন লাগে।
হামলার সময় হাজার হাজার মানুষ মেট্রো স্টেশন ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। খারকিভেও হামলায় এক শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।