প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

৩১ মে, ২০২৬, ০০:০০

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

শনিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এনসিপির। আনোয়ার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক।

 

রোববার দুপুরে যুবদল নেতা রুহুল আমিন বাদী হয়ে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে রায়পুর থানায় এনসিপি নেতা আনোয়ার হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তরা বাদী যুবদল নেতা রুহুল আমিন মিঝিকেও মারধর করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।  

 

মামলায় আনোয়ারের ভাই ইমন হোসেন, রুবেল হোসেন ও দিপুর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করা হয়েছে।

 

এনসিপির জেলা কমিটির সিনিয়র সদস্যসচিব আলমগীর হোসাইন জানান, প্রায় ২ হাজার লোক নিয়ে আনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। এখন আবার তাঁর নামে মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তার ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক।

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনোয়ারসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this article

https://mail.thewave24.com/view/616/news

© 2026 TheWave24. All rights reserved.