শরবতে গরম পালায়!
ওয়েভ রিপোর্ট
২৬ মে, ২০২৬, ০০:০০
প্রচণ্ড গরমে আপনি অতিষ্ঠ। মাঝে মাঝেই বৃষ্টি হলেও, তা দিয়ে আপনার পোষাচ্ছে না। এমন বিচ্ছিরি গরমে ভাল থাকার অন্যতম উপায় হচ্ছে, শরবত পান করা। পিপাসাও মেটায়, শরীরকে চাঙ্গাও করে। লেবুসহ কতরকম শরবতই তো আপনি পান করেন। কিন্তু আমাদের এশিয়ার বিভিন্ন দেশে যেসব শরবত পান করা হয়, সেগুলো সম্পর্কে একটু জানবেন না? জানার পর বানিয়ে পান করলে, উপকৃত হতেও পারেন।
মণিপুরের হেইক্রু ও হেইজৌ। হেইজৌ হচ্ছে বুনো আপেল। ফলগুলিকে ভাল করে ধুয়ে সেদ্ধ করে চটকে নিতে হয়। এর সঙ্গে ঠান্ডা পানি, পুদিনাপাতা, চিনি বা মিছরির গুঁড়া, সামান্য গোলমরিচ ও বরফ মিশিয়ে তৈরি হয় হেইজৌ। হেইক্রুতে আবার আমলকি মেশানো হয়। এর রস ছেঁকে নিয়ে তার সঙ্গে আখের গুড় বা মিছরি, সামান্য আদার রস, ভাজা মশলা দিয়ে তৈরি হয় হেইক্রু। নাগাল্যান্ডের থেইসু। নাগাল্যান্ডের আদিবাসীরা বুনো ডুমুর দিয়ে শরবত বানান। স্থানীয় ভাষায় তাকে বলে ‘থেইসো’। ডুমুরগুলি ছাড়িয়ে ভাল করে বেটে নেওয়া হয়। এর সঙ্গে সামান্য পানি, খাঁটি মধু বা মিছরি, বিটলবণ মিশিয়ে শরবত তৈরি করা হয়। থাইল্যান্ডের মাতুম। শুকনো বেলের টুকরো আগুনে হালকা সেঁকে নিয়ে, তার পর পানিতে ফোটানো হয়। পানির রং বদলে গাঢ় সোনালি হলে, তাতে চিনি বা মিছরি ও সামান্য লবণ মিশিয়ে আরও খানিকটা ফোটানো হয়। তার পর ছেঁকে নিয়ে বরফ মিশিয়ে পরিবেশন করা হয়।
ইন্দোনেশিয়ার এস চেন্দল। বরফের সঙ্গে সবুজ চেন্দল জেলি বা নুডল্স, ঘন নারকেলের দুধ, তরল পাম সুগার বা গুড়ের সিরাপ দিয়ে তৈরি হয় এই শরবত। একটি পাত্রে পাম সুগার বা গুড়ের সিরাপ, পান্ডান পাতা, লবণ ও পানি দিয়ে ভাল করে ফোটাতে হবে। ঘন সিরাপের মতো তৈরি হলে তা নামিয়ে ঠান্ডা করতে হবে। অন্য একটি পাত্রে রঙিন নুডল্স, আরও খানিকটা পান্ডান পাতা, নারকেলের দুধ ও লবণ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এ বার জেলি তৈরির জন্য একটি পাত্রে জল, কর্নস্টার্চ, ফুড কালার মিশিয়ে ঘন করে জ্বাল দিয়ে তাতে আগে থেকে বানিয়ে রাখা সিরাপ ও নুডল্সের মিশ্রণ দিয়ে বরফ ছড়িয়ে পরিবেশন করতে হবে। চীনের সোয়ানমেটাং। শুকনা আলুবোখরা, শুকনা বরই, কমলার খোসা ও মিছরি দিয়ে বানানো হয় এই শরবত। আলুবোখরা ও বরই ভাল করে ধুয়ে ফোটাতে হয় দীর্ঘ সময়। এর পরে তাতে কমলার খোসার নির্যাস ও মিছরি মেশানো হয়। জাপানের মুগিচা। ২ চামচ বার্লি ভেজে নিতে হয় আগে। এর পর পানি ফুটিয়ে তাতে ভাজা বার্লি মিশিয়ে ঢেকে রাখতে হয় কিছুক্ষণ। মিশ্রণটি ছেঁকে নিয়ে তাতে মুগিচা টি-ব্যাগ মিশিয়ে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হয়। চিনি ছাড়া এই পানীয় বরফ দিয়ে ঠান্ডা অবস্থায় খাওয়া হয়।
তাহলে ঝটপট উপকরণগুলো সংগ্রহ করুন, বানিয়ে পান করুন, অন্যকেও খাওয়ান। চেনা গণ্ডির বাইরে গিয়ে গরম কমান। শরীর-মন দুটোই ভাল থাকবে।