ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘গোধূলি লগন’
ওয়েভ রিপোর্ট
২৫ মে, ২০২৬, ০০:০০
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নতুন গান ‘গোধূলি লগন’। গানটি লিখেছেন গীতিকার সৈয়দা হেমা। হৃদয় হাসিনের সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।
দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত সৈয়দা হেমা ২০০৭ সালের শেষদিকে পিয়াল হাসানের একক অ্যালবাম ‘আজো কাঁদি আমি’-এর মাধ্যমে প্রথম গীতিকার ও সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ২০০৯ ও ২০১১ সালে তাঁর কথা ও সুরে একাধিক মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়। এসব অ্যালবামে সুবীর নন্দী, আঁখি আলমগীর, প্রতীক হাসান, আগুন, আতিক হাসান ও পলাশসহ দেশের বেশ কয়েকজন প্রখ্যাত শিল্পী কণ্ঠ দেন।
বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী এই গীতিকারের লেখা অন্যান্য উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে প্রতীক হাসান ও নদীর কণ্ঠে ‘তোমার মাঝে হারিয়েছি প্রিয়’, লুইপা ও এসডি রুবেলের ‘ভালোবাসি বড় বেশি’, নিলাম সেনের ‘ফিরে চল’ এবং নদীর কণ্ঠে মাতৃবন্দনামূলক গান ‘আসবেনা ফিরে মা তুমি’। এ ছাড়া বেলাল খান, তসিবা, সানিয়া রমা ও চিত্রনায়িকা শাবনূরের বোন ঝুমুরও তাঁর লেখা গান গেয়েছেন। ২০১৬ সালে তাঁর ‘স্বপ্নীল হাওয়া’ এবং পরবর্তী সময়ে ‘আপনজন’ শিরোনামের দুটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে জন্ম নেওয়া সৈয়দা হেমার পরিবারেও রয়েছে সাংস্কৃতিক আবহ। তাঁর বড় ভাই সৈয়দ দুলাল একজন গীতিকবি এবং মেজো ভাই সৈয়দ হিলাল সাইফ একজন ছড়াকার।
সংসার ও প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলা গান নিয়ে কাজ করে যাওয়া এই গীতিকার আগামীতেও শ্রোতাদের মানসম্মত গান উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘গোধূলি লগন’ গানটি নিয়ে তিনি আশাবাদী।