আলোকচিত্রী প্রদর্শনীতে জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

২২ মে, ২০২৬, ০০:০০

আলোকচিত্রী প্রদর্শনীতে জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে ‘ওয়াক ফর বায়োডাইভার্সিটি’ শীর্ষক পদযাত্রা ও ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ নামে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চৌধুরী চত্বরে বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সহ-আয়োজক হিসেবে ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। একইসঙ্গে এ আয়োজনের মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বেঙ্গল পিস ফাউন্ডেশন।


আয়োজকরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে শুরু হয়ে মিরপুর জাতীয় বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংগঠনের সদস্য, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা। পরে বিকেল ৪টা থেকে টিএসসি প্রাঙ্গণে চারজন ওয়াইল্ডলাইফ আলোকচিত্রীর তোলা প্রায় ১০০টি ছবি নিয়ে শুরু হয় উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, “বৈশ্বিক উষ্ণায়নের পেছনে জীববৈচিত্র্যের সংকট বড় একটি কারণ। নির্বিচারে গাছ কাটা, বন্যপ্রাণী শিকার ও পরিবেশ ধ্বংসের কারণে পৃথিবী দিন দিন ভয়াবহ ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে।”


তিনি আরও বলেন, “বেঙ্গল পিস ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন মানুষকে জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বুদ্ধ করবে এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ বাড়াতে সহায়তা করবে।”


বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, আমরা চাই জীববৈচিত্র্য রক্ষার বার্তা মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে। কিছু মানুষের অসচেতনতা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। সেই দায়বদ্ধতা থেকেই পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে এই আয়োজন করা হয়েছে।


এ সময় গণমাধ্যমকর্মী, আলোকচিত্রী, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

Share this article

https://mail.thewave24.com/view/495/news

© 2026 TheWave24. All rights reserved.