এআই-এর কারণে সিঙ্গাপুরের প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি
ওয়েভ ওয়ার্ল্ড
১১ আগস্ট, ২০২৬
সারাবিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় সিঙ্গাপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি এসেছে। ফলে, দেশটির সরকার মঙ্গলবার (১১ অগাস্ট) ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সরকার জানিয়েছে, ২০২৬ সালে সিঙ্গাপুরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রাক্কলিত পূর্বাভাস দুই থেকে চার শতাংশের পরিবর্তে ৪.৫ থেকে ৫.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।
দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বছরের প্রথমার্ধে প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশ্বজুড়ে এআই-সংশ্লিষ্ট বিনিয়োগ দ্রুত ত্বরান্বিত হওয়ায় বছরের বাকি সময়ের প্রবৃদ্ধির সম্ভাবনাও বেড়েছে।
মন্ত্রণালয় জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সিঙ্গাপুরের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল – উৎপাদন, পাইকারি বাণিজ্য এবং অর্থ ও বিমা খাত।
এআই-সম্পর্কিত পণ্যের ত্রমবর্ধমান চাহিদা উৎপাদন খাতের ইলেকট্রনিক্স ও প্রকৌশল শিল্পে এবং পাইকারি বাণিজ্য খাতের যন্ত্রপাতি, সরঞ্জাম ও সরবরাহসামগ্রী ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
সিঙ্গাপুর সরকার আগে থেকেই বলে আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট বৈশ্বিক চাহিদা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব থেকে নগররাষ্ট্রটির অর্থনীতিকে কিছুটা সুরক্ষা দিতে পারে। এআই খাতে বিনিয়োগ প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায়, যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে প্রাথমিক আশঙ্কার তুলনায় কম পড়েছে বলে দেশটি জানিয়েছে।