স্কুল শিক্ষার্থীদের জন্য জুলাই জাদুঘর পরিদর্শন পরিকল্পনা গৃহীত
ওয়েভ রিপোর্ট
১১ আগস্ট, ২০২৬
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু জুলাই জাদুঘর-ই নয়, জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরেও পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি মঙ্গলবার (১১ অগাস্ট) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ-তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই জাদুঘর উদ্বোধনের পর সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। শুরুতে দর্শনার্থীর অতিরিক্ত চাপের কারণে কিছু ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিলেও, বর্তমানে সবাই শৃঙ্খলার সঙ্গে জাদুঘর পরিদর্শন করছেন।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, মাসে একটি দিন স্কুল শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হবে। ওই দিন সরকারি উদ্যোগে, বিশেষ করে, উচ্চ শ্রেণির শিক্ষার্থীদের জুলাই জাদুঘরে নিয়ে যাওয়া হবে – যাতে তাঁরা দেশের ইতিহাস ও গণঅভ্যুত্থানের ঘটনাবলি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে।
তিনি বলেন, এই উদ্যোগ শুধু জুলাই জাদুঘরে সীমাবদ্ধ থাকবে-না, জাতীয় জাদুঘরেও শিক্ষার্থীদের নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জাদুঘরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
শিক্ষার্থীদের বইয়ের পাঠের পাশাপাশি বাস্তব ইতিহাসের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।