বিদেশে পড়ার খরচ পাঠানো যাবে ব্যাংকের কার্ড দিয়েই


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১১ আগস্ট, ২০২৬

বিদেশে পড়ার খরচ পাঠানো যাবে ব্যাংকের কার্ড দিয়েই

বাংলাদেশ ব্যাংক বিদেশে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লেনদেন সহজ করতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা-সংক্রান্ত যাবতীয় ফি পরিশোধের অনুমতি দিয়েছে। ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অনলাইনে শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ হবে। কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১০ অগাস্ট) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী বা তাঁর শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে এই কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের চাহিদা বেড়ে যাওয়ায় এ-সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিক্ষাব্যয় পরিশোধের জন্য এই লেনদেন ভ্রমণ কোটার সঙ্গে সমন্বয় করা হবে-না। অর্থাৎ শিক্ষার জন্য অনুমোদিত এই অর্থ পরিশোধ বিদ্যমান ভ্রমণসুবিধার বাইরে আলাদাভাবে বিবেচিত হবে। শিক্ষার্থীর নামে অথবা যিনি শিক্ষাব্যয় বহন করছেন, তাঁর নামে এই কার্ড ইস্যু হবে। নিয়ন্ত্রণ-সংক্রান্ত সব প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে এডি ব্যাংক। নির্ধারিত সময়সীমার মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের জন্য এই কার্ড ব্যবহার করতে হবে।

 

এডি ব্যাংকগুলোকে যথাযথ রেকর্ড সংরক্ষণ ও নির্ধারিত ‘পারপাস কোড’ ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share this article

https://mail.thewave24.com/view/1561/news

© 2026 TheWave24. All rights reserved.