অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান
ওয়েভ রিপোর্ট
১১ আগস্ট, ২০২৬
দেশের অর্থনৈতিক অঞ্চলে নতুন বিনিয়োগ বৃদ্ধিতে অবকাঠামোগত ও নীতিগত প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছে বিজিএমইএ ও বাংলাদেশ ইকোনমিক জোন্স ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন (বেজিয়া)। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সোমবার (১০ অগাস্ট) সংগঠন দু’টির মধ্যে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। সভায় বেজিয়া’র সভাপতি এম এ জব্বার এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের নেতৃত্ব দেন।
সভায় পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ দেওয়া প্লটের বর্তমান অগ্রগতি, গ্যাস ও শিল্পপানির সংকট, সার্ভিস চার্জ, ভ্যাট, নগদ প্রণোদনা এবং প্রচ্ছন্ন রপ্তানির প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন ইউটিলিটি নিশ্চিত না-হওয়া পর্যন্ত সার্ভিস চার্জ মওকুফ, লিজ ট্যারিফের ওপর ভ্যাট প্রত্যাহার, ৯৯ বছরের লিজের মিউটেশন ব্যাংকযোগ্য করা এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার দাবি জানানো হয়।
এ ছাড়া, এম এ জব্বার অর্থনৈতিক অঞ্চলে টেকসই শিল্পায়ন ও পারস্পরিক সমন্বয় জোরদারে বেজিয়ার পরিচালনা বোর্ডে বিজিএমইএ-এর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
বিজিএমইএ সভাপতি এই প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত প্রতিনিধি মনোনয়নের আশ্বাস দেন।