২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করল টাইগাররা


ওয়েভ স্পোর্টস

ওয়েভ স্পোর্টস

১১ আগস্ট, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করল টাইগাররা

অবসান ঘটলো দীর্ঘদিনের অপেক্ষা আর অঙ্ক কষার। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে। একইসাথে নিশ্চিত হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এনিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাই খেলবে। বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি কোয়ালিফাইয়ের লড়াই চলছিল, যেখান থেকে সবার আগে আফগানিস্তান এবং এরপর বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাছাইপর্বে না-খেলেই।

 

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংইয়ে থাকা শীর্ষ আটটি দল বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পাবে। তবে স্বাগতিক হওয়ায় এর বাইরে থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ ৮-এ রয়েছে, তাই র‍্যাংকিংয়ের শীর্ষ নয়টি দল সরাসরি যাবে বিশ্বকাপে।

 

বেলফাস্টে আইরিশদের হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পরে র‍্যাংকিং বলছে, বাংলাদেশের জায়গাও পাকাপোক্ত। ক্রিকইনফো এক প্রতিবেদনে লিখেছে, আফগানিস্তানের সাথে সরাসরি বিশ্বকাপে খেলবে – বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

 

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ আছে দুটি, ভারতের বিপক্ষে। তবে, দলটির ঐ দুটি ম্যাচ দিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো সুযোগই নেই। তাই একদিকে যেমন বাংলাদেশের বিশ্বকাপ টিকিট নিশ্চিত, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকেও নিশ্চিতভাবে লড়তে হবে বিশ্বকাপ বাছাইপর্বে।

Share this article

https://mail.thewave24.com/view/1553/news

© 2026 TheWave24. All rights reserved.