কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২
ওয়েভ ওয়ার্ল্ড
১১ আগস্ট, ২০২৬
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৭০ জন। এছাড়াও আরও শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।
দেশটির পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প সোমবার (১০ অগাস্ট) আঘাত হানে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি শতাব্দীতে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এদিন ভূমিকম্পে কেঁপে ওঠে কালি, কিবদো, পেরেইরা, ও মানিজালেসসহ পশ্চিম কলম্বিয়ার বিভিন্ন শহর। পার্শ্ববর্তী ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের কাছে। রাজধানী বোগোতা থেকে এলাকাটি প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে।