ফিরছে বিখ্যাত ‘এমএনএস’ ত্রয়ী?


শেখ: শ্রাবন অনিক

শেখ: শ্রাবন অনিক

১০ আগস্ট, ২০২৬

ফিরছে বিখ্যাত ‘এমএনএস’ ত্রয়ী?

নেইমার-মেসি আবারও কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন! দুই বন্ধু আবারও একসঙ্গে নামবেন ফুটবল মাঠে — এমন স্বপ্নই এখন দেখছে ফুটবলবিশ্ব। আর বন্ধুর টানে এমন সিদ্ধান্ত নিতে চলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র!

আবারও কি বিশ্ব দেখবে সেই বিখ্যাত ‘এমএনএস’ ত্রয়ী? মেসি-নেইমার-সুয়ারেজ – আহা, ফুটবলপ্রেমীদের চোখের শান্তি!

 

আন্তর্জাতিক গণমাধ্যমে এরই মধ্যে ছড়িয়েছে এমনই এক আশার খবর। নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই নাকি তাঁর সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। আর সেটি হলে আবারও একই জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে।

 

মাত্র তিন বছর, কিন্তু ইতিহাস বদলে দিয়েছিল ‘এমএনএস’

 

২০১৪ থেকে ২০১৭ – মাত্র তিন বছর। ১০৯৫ দিনের এই ছোট্ট সময়টুকুই ক্লাব ফুটবলের ইতিহাসে লিখেছিল এক অবিশ্বাস্য অধ্যায়। তিন ফুটবলারের নামকে ঘিরে তৈরি হয়েছিল এক নতুন ফুটবল-রসায়ন – মেসি, নেইমার ও সুয়ারেজের ‘এমএনএস’ ত্রয়ী।

 

বার্সেলোনার এই আক্রমণভাগের নাম শুনলেই প্রতিপক্ষের রক্ষণে নেমে আসত আতঙ্ক। বল পায়ে মেসি, নেইমারের জাদু আর সুয়ারেজের ভয়ংকর ফিনিশিং — তিনজন মিলে যেন ছিলেন এক অপ্রতিরোধ্য গোলমেশিন। এই ত্রয়ীর হাত ধরেই বার্সেলোনা জিতেছিল ঐতিহাসিক ট্রেবল।

 

কিন্তু ২০১৭ সালে নেইমারের বিদায়ের সঙ্গে ভেঙে যায় সেই স্বপ্নের ত্রয়ী। এরপর আর কখনো একই ক্লাবের জার্সিতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের তিনজনকে।


এবার কি ফিরছে সেই স্বপ্ন?

 

এবার সেই অপেক্ষারই অবসান হতে পারে! ফুটবলাঙ্গনে জোর গুঞ্জন – মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও একই দলে খেলতে ইন্টার মায়ামিতে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সাম্প্রতিক এক প্রতিবেদনে ইয়াহু স্পোর্টসও মেসি-নেইমারের পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে খবর প্রকাশ করেছে।

 

সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাঁর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর সেই জল্পনার কেন্দ্রে এখন ইন্টার মায়ামি। যদি শেষ পর্যন্ত এই দলবদল সত্যি হয়, তাহলে জানুয়ারির শুরু থেকেই ফুটবলবিশ্ব আবারও দেখতে পারে সেই বহু প্রতীক্ষিত ‘এমএনএস’ ত্রয়ীকে।

 

মেসি-নেইমারের সঙ্গে এবার ক্যাসেমিরোও!

 

ইন্টার মায়ামিতে নেইমারের সম্ভাব্য যোগদানের গল্পে নতুন মাত্রা যোগ করেছেন আরেক ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার ইতোমধ্যে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ সালের এমএলএস স্প্রিন্ট সিজনের শেষ পর্যন্ত, সঙ্গে রয়েছে মেয়াদ বাড়ানোর সুযোগ। অর্থাৎ, নেইমার যদি শেষ পর্যন্ত মায়ামিতে যোগ দেন, তাহলে একই দলে দেখা যেতে পারে ব্রাজিলের দুই তারকা নেইমার ও ক্যাসেমিরোকে। আর তাদের সঙ্গে থাকবেন আর্জেন্টাইন মহাতারকা মেসি ও উরুগুয়ের কিংবদন্তি সুয়ারেজ। তাহলে কি আবারও ফিরছে সেই পুরোনো দিন?

 

পরিসংখ্যানও বলে ‘এমএনএস’-এর গল্প

 

বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় মেসি, নেইমার ও সুয়ারেজ মিলে গোল করেছিলেন ৩৬৩টি। পাশাপাশি একে অপরকে সহায়তা করেছিলেন ১৭৩টি গোলে। সংখ্যাগুলোই বলে দেয়, কেন ‘এমএনএস’ নামটি আজও ফুটবলপ্রেমীদের কাছে এতটা বিশেষ।

 

তাই প্রশ্ন একটাই – নেইমার কি সত্যিই মেসি-সুয়ারেজের টানে মায়ামিতে যাচ্ছেন? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে ফুটবলবিশ্বের সামনে আবারও খুলে যাবে এক পুরোনো স্মৃতির দরজা। মেসি-নেইমার-সুয়ারেজ – একই মাঠে, একই জার্সিতে, আবারও!

 

ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে?

Share this article

https://mail.thewave24.com/view/1548/news

© 2026 TheWave24. All rights reserved.