৩১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই অনুত্তীর্ণ
ওয়েভ রিপোর্ট
১০ আগস্ট, ২০২৬
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ৩১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১০ অগাস্ট) সকাল ১০টায় বাংলাদেশে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার ফলাফল সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
এ-বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।