এসএসসিতে পাশের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১০ আগস্ট, ২০২৬

এসএসসিতে পাশের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার নেমে এসেছে ৬২.২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ২০০৭ সালের পর এবারই মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম শিক্ষার্থী পাশ করেছে। ২০০৭ সালে পাশের হার ছিল ৫৭.৩৭ শতাংশ।

 

এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর পাশের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাশের হার কমেছে ৬.২ শতাংশ। এছাড়া এবারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। পরীক্ষায় এবার এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা পাশ করা মোট শিক্ষার্থীর ১০.২৪ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। সে হিসেবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২১ সালে দেশে রেকর্ড ৯৩.৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করেছিল। এছাড়া ২০২২ সালে ৮৭.৪৪ শতাংশ, ২০২৩ সালে ৮০.৩৯ এবং ২০২৪ সালে ৮৩.০৪ শতাংশ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

 

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাশ করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

Share this article

https://mail.thewave24.com/view/1542/news

© 2026 TheWave24. All rights reserved.