প্রাথমিক শিক্ষা তদারকিতে ‘আইটি ইকোসিস্টেম’ হবে


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১০ আগস্ট, ২০২৬

প্রাথমিক শিক্ষা তদারকিতে ‘আইটি ইকোসিস্টেম’ হবে

সরকার দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের মানোন্নয়ন, শিখন-ঘাটতি চিহ্নিতকরণ ও সার্বিক শিক্ষাদান কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারকির জন্য একটি পূর্ণাঙ্গ ‘আইটি ইকোসিস্টেম’ চালু করতে যাচ্ছে। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার অংশ হিসেবে প্রাথমিকে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ রূপরেখা বাস্তবায়ন করা হবে; যার মাধ্যমে শিক্ষকেরা ঠিকমতো পাঠদান করছেন কি-না, এবং শিক্ষার্থীরা কতটুকু অনুধাবন করতে পারছে – সেটার রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করা সম্ভব হবে।

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে তাঁর নিজ দফতরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা – বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।

 

এ-সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ রূপরেখা সংবাদ সম্মেলনের মাধ্যমে শিগগিরই দেশবাসীর সামনে তুলে ধরা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সারাদেশে সম্প্রসারণ করা হবে।

 

ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তি বলতে শুধুমাত্র ল্যাপটপ বা ট্যাব কেনা নয়, বরং একটি সমন্বিত ডিজিটাল শিখন ও পাঠদান তদারকি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

 

তিনি বলেন, ‘আমরা একটি পূর্ণাঙ্গ ‘আইটি ইকোসিস্টেম’ তৈরি করছি, যেখানে প্রত্যেক শিক্ষকের হাতে একটি করে ‘ট্যাব’ থাকবে। এটি একটি সুসংহত কেন্দ্রীয় নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কোনো শ্রেণিকক্ষে সিলেবাস শেষ হতে সমস্যা হচ্ছে কি-না, কিংবা শিক্ষার্থীরা কোথায় বুঝতে পারছে-না – তা তাৎক্ষণিকভাবে মনিটরিং করা সম্ভব হবে।’

Share this article

https://mail.thewave24.com/view/1539/news

© 2026 TheWave24. All rights reserved.