সালমান শাহ হত্যা-মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
ওয়েভ গ্ল্যাম
০৯ আগস্ট, ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢালিউডের খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (৯ অগাস্ট) দুপুরে ডনকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে জানান, ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করেছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র একটি দল তাঁকে এসে নিয়ে যায়।
সিআইডি একটি মামলা তদন্ত করছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ-বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন বলেন, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সালমান শাহর মৃত্যুর (৬ সেপ্টেম্বর, ১৯৯৬) ২৯ বছর পরে গত বছর আদালত হত্যা মামলার নির্দেশ দেন। পরে মামলাটি দায়ের করা হয়।