রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি’র দু’টি মনোনয়নপত্র সংগ্রহ


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৯ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি’র দু’টি মনোনয়নপত্র সংগ্রহ

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দু’টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলটি রোববার (৯ অগাস্ট) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলটি এই মনোনয়নপত্র সংগ্রহ করে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি রোববার (৯ অগাস্ট) একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে বিএনপি’র পক্ষ থেকে কারা মনোনয়ন পাচ্ছেন – সেই ঘোষণা আসেনি। অন্যদিকে, ১১ দলীয় জোটের পক্ষ থেকে এসেছে – লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম।

 

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

 

ইসি সচিব ওই সময় জানান, তফসিল অনুযায়ী, আগামী ১৩ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। আগামী ১৬ অগাস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ১৮ অগাস্ট বিকেল চারটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর আগামী ২০ অগাস্ট দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

 

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন। এরপর ইসি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে।

Share this article

https://mail.thewave24.com/view/1530/news

© 2026 TheWave24. All rights reserved.