অলি আহমদ ১১-দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী
ওয়েভ রিপোর্ট
০৯ আগস্ট, ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-কে মনোনয়ন দেওয়া হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বাসভবনে রোববার (৯ আগস্ট) দুপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তাঁর নাম ঘোষণা করেন।
১১ দলীয় জোটের বৈঠকে জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদও বৈঠকে যোগ নেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহচর অলি আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি জিয়াউর রহমানের অধীনে মুক্তিযুদ্ধে অংশে নেন। রাষ্ট্রপতি কর্নেল অলি জিয়ার সরকারে মন্ত্রীও ছিলেন। তিনি খালেদা জিয়ার প্রথম সরকারেও মন্ত্রী ছিলেন।
কর্নেল অলি ২০০৬ সালে বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন। তাঁর সঙ্গে সেই সময়ে বিএনপি’র ৩২ জন এমপি দল ছাড়েন। কর্নেল অলি ২০০৮ সালে এককভাবে নির্বাচন করে জয়ী হন। তিনি ২০১২ সালে খালেদা জিয়ার ডাকে বিএনপি’র জোটে যোগ দেন।
কর্নেল অলির এলডিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত জোটে যোগ দেয়।
আগামী ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন গত সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, প্রার্থী মনোনয়ন দাখিল করতে হবে আগামী ১৩ অগাস্টের মধ্যে, আর ভোটগ্রহণ হবে ২০ অগাস্ট।