৫ হাজারতম ওডিআই-তে কানাডার বিরুদ্ধে স্কটল্যান্ডের জয়
ওয়েভ স্পোর্টস
০৯ আগস্ট, ২০২৬
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে পুরুষদের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। এবার ৫৫ বছর পরে আইসিসি’র দুই সহযোগী দেশ – স্কটল্যান্ড ও কানাডা পাঁচ হাজারতম ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে রেকর্ড বইয়ে স্থান পেলো। কানাডা ও স্কটল্যান্ড শনিবার (৮ অগাস্ট) স্কটল্যান্ডের ডুন্ডিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে মুখোমুখি হয়। ঐতিহাসিক এই ম্যাচে কানাডাকে নয় রানে হারিয়ে স্মরনীয় জয় পেয়েছে স্কটিশ দল।
স্কটল্যান্ড এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার ফিনলি ম্যাকক্রিথের সেঞ্চুরিতে ৫০ ওভারে সাত উইকেটে ২৮১ রান করে। নয় চার ও দুই ছক্কায় ১৪০ বলে ১১২ রান করেন ম্যাকক্রিথ। কানাডার জাহিদ সিরজাদ তিন উইকেট নেন। জবাবে, কানাডা ৪৯.২ ওভারে ২৭২ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে ওপেনার যুবরাজ সামরা ৬৫ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন তিন উইকেট শিকার করেন।
রেকর্ড বই অনুযায়ী, ওডিআই ইতিহাসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৪২ বল হাতে রেখে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছিল। এরপর প্রায় ২৪ বছর পর ওয়ানডেতে এক হাজারতম ম্যাচ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৫ সালের ১১ জুন নটিংহামে সেই ম্যাচে মুখোমুখি হয়ে রেকর্ড বইয়ে নিজেদের নাম লিপিবদ্ধ করে। ঐ ম্যাচে ইংল্যান্ড পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ।
এক হাজারতম ম্যাচ অনুষ্ঠানের প্রায় আট বছর পরে ওয়ানডেতে দেখা যায় দুই হাজারতম ম্যাচ। পাকিস্তান ও জিম্বাবুয়ে ২০০৩ সালের ১০ এপ্রিল শারজাহতে সেই ঐতিহাসিক ম্যাচটিতে অংশ নেয়। পাকিস্তান আট উইকেটে জিতে ম্যাচটি স্মরণীয় করে রাখে।
সাত বছর পরে ওয়ানডেতে তিন হাজারতম ম্যাচ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডের সাদাম্পটনে অনুষ্ঠিত সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারায় ইংলিশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২২ জুন।
দিনের হিসেবে সবচেয়ে কম সময়ের মধ্যে হয়েছিল তিন হাজারতম ওয়ানডেটি। প্রথম এক হাজারতম ওয়ানডে হতে ৮,৯০৫ দিন এবং দুই হাজারতম ওয়ানডে হতে ২,৮৭৮ দিন সময় লেগেছিল। চার হাজারতম ওয়ানডে হতে সময় লেগেছিল ২,৮২৫ দিন।
পাপুয়া নিউগিনি ও হংকং ২০১৮ সালের ১৭ মার্চ হারারেতে ওয়ানডে ক্রিকেটের চার হাজারতম ম্যাচটি খেলেছে। ম্যাচটিতে পাপুয়া নিউগিনি পাঁচ উইকেটে জিতেছিল।
চার হাজারতম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ৩,০৬৫ দিন পরে অনুষ্ঠিত হলো পাঁচ হাজারতম ওয়ানডে।