জো বাইডেনের শরীরে ক্যান্সারের বিস্তার


ওয়েভ ওয়ার্ল্ড

ওয়েভ ওয়ার্ল্ড

০৯ আগস্ট, ২০২৬

জো বাইডেনের শরীরে ক্যান্সারের বিস্তার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ-তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

 

২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর ৮২ বছর বয়সী বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন এবং তাঁর শরীরের হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়ে। এরপর বাইডেনের চিকিৎসা শুরু হয়, যার মধ্যে ছিল – রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি। গত মাসে নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় বাইডেন জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা খুব ভালোভাবে চলছে।

 

তবে বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে শুক্রবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তাঁর ছেলে হান্টার বাইডেন জানান, চিকিৎসা চললেও তাঁর বাবার ক্যান্সার আরও ছড়িয়েছে। হান্টার বলেন, এটি তাঁর বাবার হাড়ে এবং শরীরের আরও অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।

 

হান্টার বাইডেন আরও বলেন, এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাঁর বাবাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তিনি এখনও বাইরে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন। তিনি এখনও দেশকে গভীরভাবে ভালোবাসেন এবং দেশের প্রতি তাঁর বিশ্বাস অটুট।

 

হান্টার বাইডেন তাঁর বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এটি সত্যিই খুব কঠিন এবং বাবাকে এই অবস্থায় দেখাটা খুবই কষ্টকর।

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। তিনি উদ্বেগের মধ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে জো বাইডেনের খুবই হতাশাজনক পারফরম্যান্সের পর এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। পরে, বাইডেনের স্থলাভিষিক্ত প্রার্থী, তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।

Share this article

https://mail.thewave24.com/view/1523/news

© 2026 TheWave24. All rights reserved.