আলভারেজকে বিক্রি করবে-না অ্যাটলেটিকো


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৯ আগস্ট, ২০২৬

আলভারেজকে বিক্রি করবে-না অ্যাটলেটিকো

অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে জানিয়েছেন, এফসি বার্সেলোনার আগ্রহ থাকলেও ক্লাবটি চলতি ট্রান্সফার মৌসুমে ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে ছাড়বে-না। গত মাসে বার্সেলোনা গোপনে আলভারেজকে নিজেদের দলে টানার চেষ্টা করেছে – মাদ্রিদের ক্লাবটি ফিফার কাছে এমন অভিযোগ করেছিল। এছাড়া, অ্যাটলেটিকো গত জুনে আলভারেজকে দলে নিতে রিয়াল মাদ্রিদের ১৫ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করে। আর্জেন্টিনার এই তারকাকে জড়িয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সাথে আলোচনার গুঞ্জনও রয়েছে।

 

সিউলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সিমিওনে সাংবাদিকদের বলেছেন, “আমার মনে হয়, পরিস্থিতি খুবই পরিষ্কার। ক্লাব একটি সিদ্ধান্ত নিয়েছে – যা প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল অ্যানফেল ফিল মারিন খুব ভালোভাবেই ব্যাখ্যা করেছেন। খেলাধুলার দৃষ্টিকোণ থেকে আমরা জুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে খুবই আনন্দিত। আমরা তাঁকে আরও বিকশিত হতে, আরও উন্নতি করতে এবং নিজের সেরাটা দিয়ে যেতে সাহায্য করবো। গত দুই বছরে সে আমাদের জন্য যা-করেছে – তা ছিল অসাধারণ।”

 

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পরে ছুটি কাটিয়ে কয়েকদিন পরই অ্যাটলেটিকোর স্কোয়াডে যোগ দেওয়ার কথা রয়েছে আলভারেজের।

 

বিশ্বকাপে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছিলেন, “সবার জন্যই দলবদল সবচেয়ে ভালো হবে বলে আমি বিশ্বাস করি।” তবে তিনি কোন ক্লাবে যেতে চান – তা নিশ্চিত করেননি।

আলভারেজ দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোয় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৪৯ গোল করেছেন।

 

ক্লাবের নিজস্ব মিডিয়া চ্যানেলকে ফিল মারিন বলেন, “আমরা তাঁকে বিক্রি করতে চাই-না। ১০ কোটি ইউরোর প্রস্তাবও আমরা গ্রহণ করিনি, ১৫ কোটি বা ২০ কোটি ইউরোর প্রস্তাবও গ্রহণ করবো-না, “জুলিয়ানের জন্য অ্যাটলেটিকোই সঠিক জায়গা এবং জুলিয়ানই অ্যাটলেটিকো মাদ্রিদের সেন্টার-ফরোয়ার্ড, এ-বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা তাঁকে ধরে রাখতে চাই।”

 

দলবদলের গুঞ্জনের পরে অ্যাটলেটিকোর সমর্থকেরা আলভারেজকে কিভাবে গ্রহণ করবেন – এমন প্রশ্নের জবাবে সিমিওনে আঁতোয়ান গ্রিজমানের উদাহরণ টানেন। ফরাসি এই তারকা বড় অঙ্কের অর্থের বিনিময়ে বার্সেলোনায় যাওয়ার পর আবার অ্যাটলেটিকোয় ফিরে এসেছিলেন। শুরুতে সমর্থকদের একাংশের বিরোধিতার মুখে পড়লেও পরে নিজের পারফরম্যান্স দিয়ে তাঁদের মন জয় করেন এবং গত মৌসুমে ক্লাবের কিংবদন্তি হিসেবেই বিদায় নেন।

 

সিমিওনে বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে আঁতোয়ানকে নিয়ে আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে গিয়েছি, যখন তাঁকে চলে যেতে হয়েছিল, ফিরে এসে মাঠে নিজের মান ও সামর্থ্য প্রমাণ করতে হয়েছিল।

 

“আমি খেলাধুলার দিকটিতে মনোযোগ দেওয়া, নিজেদের দায়িত্ব পালন করা এবং আলভারেজকে সাহায্য করা ছাড়া অন্য কোনো পথ দেখি-না। গত কয়েক বছরই আমরা যেটা করে এসেছি।”

 

অ্যাটলেটিকো আগামী ১৯ অগাস্ট ঘরের মাঠে সদ্য উন্নীত মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে। স্প্যানিশ রাজধানীর ক্লাবটি গত মৌসুমে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল।

Share this article

https://mail.thewave24.com/view/1521/news

© 2026 TheWave24. All rights reserved.