প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাবেন
ওয়েভ রিপোর্ট
০৯ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পরে রোববার (৯ অগাস্ট) প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করবেন। তিনি এ-সময় কক্সবাজার জেলাও সফর করবেন। প্রধানমন্ত্রী এদিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সফরসূচির বিষয়ে জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর রোববার সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)’র কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে। এরপর তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
তিনি দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে প্রধানমন্ত্রীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী বিকেল পৌনে চারটায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল পাঁচটায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার সূচি রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন।
দিনের কর্মসূচি শেষে তারেক রহমানের রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।