এশিয়া কাপে টাইগ্রেসদের প্রথম ম্যাচ ৩১ অগাস্ট


ওয়েভ স্পোর্টস

ওয়েভ স্পোর্টস

০৮ আগস্ট, ২০২৬

এশিয়া কাপে টাইগ্রেসদের প্রথম ম্যাচ ৩১ অগাস্ট

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরের সূচি ও গ্রুপিং ঘোষণা করেছে। বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে। আগামী ২৮ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। নারী এশিয়া কাপ এই নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে। চারবার হয়েছে ওয়ানডে ফরম্যাটে।

 

এই টুর্নামেন্টে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে – বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

 

টাইগ্রেসরা গ্রুপ পর্বে আগামী ৩১ অগাস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। নিগার সুলতানা জ্যোতির দল এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে খেলবে।

 

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং।

 

গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।

 

সেমিফাইনাল হবে আগামী ১০ সেপ্টেম্বর (এ১-বি২) ও ১১ (এ২-বি১) দলের মধ্যে। ফাইনাল ১৩ সেপ্টেম্বর হবে।

 

এশিয়া কাপে এখন পর্যন্ত ভারত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে। একবার করে শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা ও বাংলাদেশ। বাংলাদেশ দল ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া টুর্নামেন্টে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথম ও শেষবারের মতো শিরোপা জিতেছিল।

Share this article

https://mail.thewave24.com/view/1509/news

© 2026 TheWave24. All rights reserved.