‘একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব’


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৭ আগস্ট, ২০২৬

‘একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংকট মোকাবেলায় সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি শুক্রবার (৭ অগাস্ট) সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।

 

এ-সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ ও অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

 

মতবিনিময়কালে তেল-সংকটের প্রসঙ্গ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সরকার ও বিরোধীদল একযোগে পদক্ষেপ নেওয়ার পরই জ্বালানি তেলের সংকট কেটে যায়। অথচ কেউ অতিরিক্ত তেল সরবরাহ করেনি। এতে বোঝা যায়, সমন্বিত উদ্যোগ অনেক সংকটের কার্যকর সমাধান দিতে পারে।

 

তিনি বলেন, আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সভ্য, গণতান্ত্রিক ও শালীন সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। উসকানি এলেও তাঁরা শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার পক্ষে থাকবে।

 

আওয়ামী লীগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ আছে বলে তিনি মনে করেন-না। কারণ এত নির্যাতন, এত হত্যাকাণ্ড ও এত মানুষের আহত হওয়ার পরও তাঁদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই।

 

পরে তিনি বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Share this article

https://mail.thewave24.com/view/1506/news

© 2026 TheWave24. All rights reserved.