ফ্যামিলি কার্ড উদ্বোধন ১৬ অগাস্ট


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৭ আগস্ট, ২০২৬

ফ্যামিলি কার্ড উদ্বোধন ১৬ অগাস্ট

সরকারের বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৬ অগাস্ট। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার (৬ অগাস্ট) এ-তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচি উদ্বোধন করবেন।

 

মন্ত্রী বলেন, সরকার প্রথম ধাপে ৪১ লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। পর্যায়ক্রমে আগামী চার বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

বাংলাদেশ সচিবালয়ে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সমাজকল্যাণমন্ত্রী।

 

ডা. এ জেড এম জাহিদ বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য – প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সামাজিক নিরাপত্তা সহায়তা পৌঁছে দেওয়া এবং সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

 

এছাড়া তিনি বলেন, যোগ্য কোনো ব্যক্তি যেন বাদ না-পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত হতে না-পারেন – সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Share this article

https://mail.thewave24.com/view/1499/news

© 2026 TheWave24. All rights reserved.