রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ২০ অগাস্ট
ওয়েভ রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬
বাংলাদেশ নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৃহস্পতিবার (৬ অগাস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ অগাস্ট। ভোট গ্রহণ হবে ২০ অগাস্ট বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত, জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার, অর্থাৎ, নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৬ অগাস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে ভবনে মনোনয়নপত্র পরীক্ষা বা বাছাই করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল চারটা পর্যন্ত। আর ভোট গ্রহণের ২০ অগাস্ট বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
এ-বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫ (৩) অনুযায়ী, নির্বাচন কমিশনের সাথে জাতীয় সংসদের স্পিকারের আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হলো।
প্রসঙ্গত: মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। নিয়মানুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না-হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।