বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৬ আগস্ট, ২০২৬

বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস ২২ শ্রাবণ, বুধবার (৬ অগাস্ট)। বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই কিংবদন্তি ১৩৪৮ বঙ্গাব্দের (১৯৪১ খ্রিস্টাব্দ) এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, চিঠিপত্র ও শিশুসাহিত্য – সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি রেখে গেছেন অসামান্য অবদান।

 

রবীন্দ্রনাথের লেখালেখির সূচনা হয়েছিল মাত্র আট বছর বয়সে। পরবর্তী সময়ে তাঁর সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে তুলেছে নতুন এক উচ্চতায়। তিনি দুই হাজারেরও বেশি গান রচনা করে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রসংগীতের এক অনন্য ধারা – যা আজও বাঙালির জীবন, সংস্কৃতি ও আবেগের এক অবিচ্ছেদ্য অংশ।

 

কবিগুরু ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তাঁর রচিত ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত। তাঁর সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন প্রয়াণের আট দশকেরও বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্মকে সমানভাবে অনুপ্রাণিত করছে।

 

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতােই এবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রসংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘ছায়ানট’-এর উদ্যোগে বুধবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হবে গীতিনাট্য ‘শ্যামা’।

Share this article

https://mail.thewave24.com/view/1488/news

© 2026 TheWave24. All rights reserved.