১১ দফা দাবিতে ১১ দলের লংমার্চ ঘোষণা


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৬ আগস্ট, ২০২৬

১১ দফা দাবিতে ১১ দলের লংমার্চ ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজধানীর মুক্তাঙ্গনে বৃহস্পতিবার (৬ অগাস্ট) ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই কর্মসূচির ঘোষণা দেন।

 

তিনি বলেন, আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি। জনগণের ১১ দফা দাবি মানুষের হাতে তুলে দিতে এসেছি। এই ১১ দফা কোনো দল, গোষ্ঠী বা কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়; এটি ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি।

 

ডা. শফিকুর রহমান বলেন, দাবি আদায় না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জ্বালানি-সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনভোগান্তি বাড়ছে। এসব সমস্যার সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

লংমার্চ কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লংমার্চ হবে। জনগণের দাবি আদায়ের এই কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছাবে।

 

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলপথে যাত্রা এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে।

 

সরকারের উদ্দেশে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, সচিবালয় জনগণের সম্পদ; সেখানে যাঁরা দায়িত্বে রয়েছেন – তাঁদের জনগণের দাবি শুনতে হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

 

তিনি এ-সময় গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান। তিনি এলপিজি’র মূল্যবৃদ্ধি প্রত্যাহার না-করা হলে সংশ্লিষ্ট দপ্তর ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

Share this article

https://mail.thewave24.com/view/1487/news

© 2026 TheWave24. All rights reserved.