ঢাকায় ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ ৫ অগাস্ট


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০২ আগস্ট, ২০২৬

ঢাকায় ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ ৫ অগাস্ট

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। আগামী ৫ অগাস্ট বিকেল তিনটা থেকে শুরু হবে এই কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বামবা)’র উদ্যোগে অনুষ্ঠেয় এই কনসার্টে অংশ নেবে মাইল্স, ওয়ারফেইজ, লালন, এসেইস-সহ সাতটি ব্যান্ড দল। আয়োজকদের প্রত্যাশা, সংগীতের মাধ্যমে সংস্কৃতি ও গণতন্ত্রের চেতনার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

 

বামবা’র সভাপতি হামিন আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শনিবার (১ অগাস্ট) কনসার্টের ভেনু পরিদর্শন করেন।পরিদর্শন শেষে হামিন আহমেদ জানান, কনসার্টে সাতটি ব্যান্ড দল সংগীত পরিবেশন করবে। তিনি সবাইকে আয়োজনে অংশ নিয়ে কনসার্ট উপভোগ করার আহ্বান জানান।

 

রেজাউদ্দিন স্টালিন সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

আয়োজকরা জানান, ৫ অগাস্টের এই আয়োজন শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ উদযাপনের একটি উদ্যোগ।

Share this article

https://mail.thewave24.com/view/1425/news

© 2026 TheWave24. All rights reserved.