রুনা লায়লা শিল্পকলা একাডেমিতে প্রথম গাইলেন
ওয়েভ গ্ল্যাম
২৫ জুলাই, ২০২৬
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে এই প্রথম গান গাইলেন। এদিন (শুক্রবার, ২৪ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে রুনা লায়লাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি দেশের বন্যার্ত মানুষের সাহায্যার্থে আয়োজন করা হয়েছিল। শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠার ৫৪ বছরের ইতিহাসে এটাই রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান। এদিন মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ।
রুনা লায়লা বরাবরের মতোই এদিনও তাঁর সুরের মূর্ছনায় দর্শকে মোহিত করে রেখেছিলেন। বিশ্ববরেণ্য এই শিল্পী ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ শিরোনামের এই একক সংগীতানুষ্ঠানে নিজের জনপ্রিয় ও কালজয়ী দশটি গান গেয়ে শোনান।
দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সংগীত তারকা ৭৪ বছর বয়সী রুনা লায়লা সংগীত ভুবনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি প্রমাণ করেছেন – সংগীত শুধুমাত্র বিনোদনের অনুষঙ্গ নয়, এটি সৌন্দর্যবোধ, মানবিকতা ও দেশাত্মবোধেরও মেলবন্ধন।
পুরো অনুষ্ঠানে একটি কথা বারবার ভেসে আসছিল – তিনি কেমন করে সাবলীলভাবে এতগুলো গান গাইলেন। কেউ কেউ বলেছেন, রুনা লায়লার তুলনা রুনা লায়লা-ই।
অনুষ্ঠান শুরু হয় ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ গানটি দিয়ে। তিনি এরপর একে একে নিজের জনপ্রিয় দশটি গান পরিবেশন করেন।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন – সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সচিব কানিজ ফাতেমা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আফজাল হোসেন।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে রুনা লায়লার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।